ঘোষণা মতোই শুরু হয়েছে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে প্রচারে হুগলির পুরশুড়ায় জনসভা করে একাধিক বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একদিকে তৃণমূলকে কড়া হুঁশিয়ারি, অন্যদিকে আলু চাষিদের জন্য বড় আশ্বাস, দুই দিকেই আক্রমণাত্মক সুর শোনা গেল তাঁর বক্তব্যে।
তিনি দাবি করেন, বাংলার অনেক মানুষ ভোট দিতে চাইলেও “গুন্ডাদের ভয়ে” পিছিয়ে যাচ্ছেন। আরামবাগ ও পুরশুড়ার বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, ভয় পাওয়ার কোনও কারণ নেই। একইসঙ্গে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে জানান, ভোটের দিন কোনও অশান্তি হলে তার জবাব পরে দেওয়া হবে। এদিন আরামবাগ ও পুরশুড়া বিধানসভার বিজেপি প্রার্থীদের সমর্থনে সভা করেন শাহ। সেখানে আলু চাষিদের সমস্যার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
তাঁর দাবি, রাজ্যের বাইরে আলু পাঠানো বন্ধ হয়ে যাওয়ায় দাম ব্যাপকভাবে কমে গেছে। আগে যে আলু ২০ টাকায় বিক্রি হত, এখন তা নেমে এসেছে অনেক নিচে। শুধু তাই নয়, তাঁর দাবি এই জেলা থেকে বিষ্ণুপুর পর্যন্ত আলুর চিপস তৈরির কারখানা গড়ে তোলা হবে। এতে চাষিরা আরও বেশি লাভবান হবেন।
