শুরু হলো নতুন কর্মসূচি

মাঝে অপেক্ষা আর কয়েকটা দিনের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে কিন্তু ভোটের আগে প্রচারে নতুনত্ব আনতে আবারও নতুন পথে হাঁটছে তৃণমূল কংগ্রেস।

প্রচারে নতুনত্ব আনা তৃণমূল কংগ্রেসের পুরনো অভ্যাস। এবার সেই ধারাতেই নতুন সংযোজন ‘প্রতিজ্ঞা স্তম্ভ’। রাজ্যের মোট ২৯১টি বিধানসভা কেন্দ্রে এই স্তম্ভ বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি স্তম্ভে ওই এলাকার জন্য ১০টি করে নির্দিষ্ট প্রতিশ্রুতি লেখা থাকবে। যেমন- রাস্তা, সেতু, পানীয় জল বা এলাকার জরুরি সমস্যা যেগুলো মানুষ প্রতিদিনের জীবনে অনুভব করেন, সেগুলোকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এই পদক্ষেপের পিছনে রাজনৈতিক কারণও রয়েছে। কিছুদিন আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১৫ বছরের শাসন নিয়ে ১৫ দফার চার্জশিট প্রকাশ করেছিলেন। পরে জেলাস্তরেও তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ তোলে বিজেপি। তারই জবাবে এবার সরাসরি মানুষের সামনে প্রতিশ্রুতি তুলে ধরতে চাইছে তৃণমূল।