চালু হতে চলেছে নতুন রুট

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। ব্যারাকপুরবাসীর জন্য খুশির খবর। এবার পাল্টে যেতে পারে উত্তর ২৪ পরগনার এই শিল্পাঞ্চল ও সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার চেহারা। পরিবহণ দফতরের দায়িত্ব নেওয়ার পর ব্যারাকপুরে নতুন ৩টি বাস রুট চালু করার কথা জানালেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

তৃণমূল আমলে রাজ্যে বহু বাস রুট বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ ছিল। এতে সমস্যায় পড়েছিলেন বহু মানুষ। তবে এবার সেই অসুবিধা দূর করতে উদ্যোগী রাজ্যের নতুন সরকার। সম্প্রতি ব্যারাকপুর সাংগঠনিক জেলা বিজেপি কার্যালয়ে আয়োজিত একটি সাংবাদিক বৈঠকে এই বিষয়ে ঘোষণা করেন রাজ্যের পরিবহণমন্ত্রী অর্জুন সিং।

তিনি বলেন, যাত্রীদের দীর্ঘদিনের দাবির দিকে নজর রেখে শীঘ্রই ব্যারাকপুর-ধর্মতলা, কাঁচরাপাড়া-ব্যারাকপুর ও কল্যাণী এইমস-ব্যারাকপুর অবধি সরকারি বাস পরিষেবা চালু করা হবে। অর্জুন জানান, নতুন ৩টি রুটে কমপক্ষে ২৫টি করে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। কল্যাণী এক্সপ্রেসওয়ের মাধ্যমে এই পরিষেবা পরিচালনা করা যায় কিনা, সেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে।