মোদির জন্মদিনে বিক্রমের বিশেষ চমক, আজ ক্রেতাদের পাতে বাড়তি ঝালমুড়ি !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ঘিরে সকাল থেকেই রাজ্যজুড়ে নানা কর্মসূচি। কোথাও পুজো-অর্চনা,  কোথাও বিভিন্ন সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।তবে এই উদযাপনের তালিকায় একটু অন্যরকম ছবি ঝাড়গ্রামের কলেজ মোড়ে। সেখানকার জনপ্রিয় ঝালমুড়ি বিক্রেতা বিক্রমও ভুলে যাননি প্রধানমন্ত্রীর জন্মদিন।

সকালেই নিজের বাড়িতে প্রধানমন্ত্রীর নাম করে পুজো-অর্চনা করেন বিক্রম। এরপর মোবাইলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে স্ট্যাটাসও দেন। শুধু তাই নয়, আজ তাঁর দোকানে যারা ঝালমুড়ি খেতে আসবেন, তাঁদের জন্য রয়েছে বিশেষ চমক—অন্যান্য দিনের তুলনায় একটু বেশি পরিমাণে ঝালমুড়ি খাওয়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিক্রমের কথায়, নিজের সামর্থ্য অনুযায়ী তিনিও প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করছেন। তাই আজকের দিনে তাঁর দোকানে ঝালমুড়ির স্বাদে থাকছে বাড়তি ভালোবাসা।