আইসিআরএ-র রেটিং বৃদ্ধিতে নতুন মাইলফলক আধার হাউজিং ফাইন্যান্সের

ভারতের অন্যতম শীর্ষস্থানীয় হাউজিং ফাইন্যান্স সংস্থা আধার হাউজিং ফাইন্যান্সের ঋণপত্র ও ব্যাংক সংক্রান্ত সুবিধার রেটিং ‘আইসিআরএ এএ/পজিটিভ’ থেকে বাড়িয়ে ‘আইসিআরএ এএ+/স্টেবল’ করেছে আইসিআরএ। কেয়ার ও ইন্ডিয়া রেটিংসের পর আইসিআরএ হল তৃতীয় রেটিং সংস্থা, যারা আধারের রেটিং বাড়ালো। ফলে তিনটি সংস্থার কাছ থেকেই ‘এএ+’ রেটিং পেয়ে ভারতের একমাত্র হাউজিং ফাইন্যান্স সংস্থা হয়েছে আধার।

৫০৪.৪০ কোটি টাকার নন-কনভার্টিবল ডিবেঞ্চারের টাকা পরিশোধ হয়ে যাওয়ায় সেগুলির রেটিং প্রত্যাহার করেছে আইসিআরএ। সংস্থার সাশ্রয়ী আবাসন ক্ষেত্রে দীর্ঘ অভিজ্ঞতা, শক্তিশালী মূলধন, ভালো আয়, সুস্থ সম্পদের মান এবং ভৌগোলিকভাবে বৈচিত্র্যময় ব্যবসার পাশাপাশি ঋণ যাচাই ও পোর্টফোলিও পরিচালনার ভালো ব্যবস্থা রেটিং বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে।

রেটিং বৃদ্ধির বিষয়ে আধার হাউজিং ফাইন্যান্সের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ঋষি আনন্দ বলেন, এই রেটিং গ্রাহক ও অংশীদারদের আধারের উপর আস্থার প্রতিফলন। আরও বেশি পরিবারকে পরিষেবা দেওয়া এবং বাড়ির মালিক হওয়ার পথকে সহজ, স্বচ্ছ ও সাশ্রয়ী করাই সংস্থার লক্ষ্য। তিনটি সংস্থার কাছ থেকে এএ+ রেটিং পাওয়ায় অর্থ সংগ্রহের আরও সুযোগ তৈরি হয়েছে বলেও জানান তিনি।

৩০ জুন ২০২৬ পর্যন্ত আধারের পরিচালনাধীন মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ৩১,৪০০ কোটি টাকা। ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংস্থার ৬৩০টিরও বেশি শাখা রয়েছে এবং ৩ লক্ষেরও বেশি গ্রাহককে পরিষেবা দিচ্ছে সংস্থাটি। ২০২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মূলধন পর্যাপ্ততার হার ছিল ৪৩.৪ শতাংশ এবং সম্পদের উপর রিটার্ন ৪.০ শতাংশ।