ভোট পরবর্তী হিং*সা রুখতে সক্রিয় প্রশাসন

ভোট পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে কঠোর অবস্থান নিল শিলিগুড়ি পুলিশ। যেকোনো ধরনের হিংসা বা অশান্তির ঘটনায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে বলে জানালেন পুলিশ কমিশনার সৈয়দ ওয়াকার রাজা।

বুধবার এক উচ্চপর্যায়ের বৈঠকের পর তিনি স্পষ্ট করে দেন, বিজয় উল্লাসের নামে কোনোরকম হিংসা বরদাস্ত করা হবে না। এমন ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন সংবেদনশীল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে ও পুলিশ প্রশাসন সর্বদা সতর্ক অবস্থায় রয়েছে, যাতে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

অন্যদিকে, ভোটে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে হেনস্তার অভিযোগ করেন। তবে সেই অভিযোগ খারিজ করে সশস্ত্র সীমা বলের ডিস্ট্রিক্ট ফোর্স কোঅর্ডিনেটর গৌতম সাগর জানান, কেন্দ্রীয় বাহিনী নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই কাজ করেছে ও স্থানীয় পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করেছে।

সমগ্র পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন, যাতে ভোট পরবর্তী সময়ে শান্তি ও শৃঙ্খলা বজায় থাকে।