কালীপুজোর আগে হাওড়ায় বিপুল নিষিদ্ধ বাজি বোঝাই ছোট হাতি গাড়ি বাজেয়াপ্ত পুলিশের

কালীপুজোর আগে নিষিদ্ধ বাজির বিরুদ্ধে তৎপর হাওড়া সিটি পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিষিদ্ধ বাজি বোঝাই একটি ছোট হাতি গাড়ি বাজেয়াপ্ত করেছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। বুধবার গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানার ‘কপ্পুর গলি’র সামনে দাঁড়িয়ে থাকা ওই গাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ বাজি মজুত ছিল বলে জানা গিয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি বাজেয়াপ্ত করেন গোয়েন্দা বিভাগের আধিকারিকরা। কে বা কারা ওই গাড়িতে নিষিদ্ধ বাজি মজুত করে রেখেছিল, তা জানতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি।

কালীপুজোর আগে শহরে নিষিদ্ধ বাজির মজুত ও কারবার রুখতে পুলিশের এই তৎপরতাকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।