৬৭তম বর্ষে বিশেষ চমক জলপাইগুড়ির উদয়ন ক্লাবের

প্রাকৃতিক উপকরণের সৃজনশীল ব্যবহারে এবার দর্শনার্থীদের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে জলপাইগুড়ির উদয়ন ক্লাবের কালীপুজো। ৬৭তম বর্ষে অভিনব ভাবনায় সেজে উঠছে পুজোমণ্ডপ। জলপাইগুড়ি আনন্দ কলেজের মাঠে ইতিমধ্যেই জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ।

এবার মণ্ডপসজ্জায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে পরিবেশবান্ধব ও প্রাকৃতিক উপকরণকে। কলাগাছের ছাল, পাটকাঠি, শুকনো মাশরুম, রুদ্রাক্ষ, কটবেল-সহ বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপের নানা কারুকার্য। পূর্ব মেদিনীপুর থেকে আসা শিল্পীদের দক্ষ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে নান্দনিক শিল্পকর্ম। মণ্ডপের বাইরের সাজসজ্জার পাশাপাশি ভিতরের অলংকরণেও থাকছে অভিনবত্ব। দেবদেবীর বিভিন্ন চিত্র ও শিল্পভাবনাও দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশাবাদী উদ্যোক্তারা। পুজোকে কেন্দ্র করে শুধু মণ্ডপসজ্জাই নয়, থাকছে নানা সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। এর মধ্যে রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা-সহ একাধিক অনুষ্ঠান। সব মিলিয়ে পুজোর কয়েকটি দিন উৎসবের আমেজে মেতে উঠবে গোটা এলাকা।

ক্লাবের সম্পাদক অপূর্ব ঘোষ জানান, প্রতি বছরের মতো এবারও শহরবাসীকে নতুনত্বের স্বাদ দিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রাকৃতিক উপকরণের ব্যবহারের মধ্য দিয়ে মণ্ডপসজ্জায় ভিন্নধর্মী শিল্পভাবনা তুলে ধরাই তাঁদের মূল লক্ষ্য। পুজোর দিনগুলিতে শহরবাসী ও দর্শনার্থীদের উদয়ন ক্লাবের মণ্ডপে এসে এই শিল্পকর্ম উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।