ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সংস্থা ভি তাদের নতুন কৌশলগত এআই উদ্যোগ ‘ভি ইন্টেলিজেন্স’ চালুর ঘোষণা করেছে। সংস্থার নিজস্ব কাজকর্মের পাশাপাশি গ্রাহক ও বিভিন্ন শিল্পক্ষেত্রে এআই-নির্ভর রূপান্তর ঘটানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।
পিডব্লিউসি ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি ‘ভি ইন্টেলিজেন্স ল্যাব’ এই উদ্যোগের মূল কেন্দ্র হিসেবে কাজ করবে। ভি-র ডিজিটাল পরিকাঠামো ও পিডব্লিউসি-র প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে এন্টারপ্রাইজ এআই সমাধান তৈরি ও বাস্তবায়ন করা হবে। এই লক্ষ্যে মুম্বইয়ে ভি-র সঙ্গে একই স্থানে পিডব্লিউসি ইন্ডিয়া একটি বিশেষ সেন্টার অফ এক্সিলেন্স দল গঠন করবে।
ভি-র সিটিও জগবীর সিং জানান, গ্রাহক পরিষেবার উন্নতি থেকে শুরু করে সংস্থার বিভিন্ন বিভাগের কাজের পদ্ধতিতে পরিবর্তন আনতে এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অন্যদিকে, পিডব্লিউসি ইন্ডিয়ার পার্টনার ও টিএমটি বিভাগের প্রধান বিনিশ বাওয়া জানান, তাঁদের এজেন্টিক ট্রান্সফরমেশন সংক্রান্ত অভিজ্ঞতা কাজে লাগিয়ে এআই-এর সম্ভাবনাকে বাস্তব প্রযুক্তিগত সমাধানে রূপান্তরিত করা হবে।
ভি ইন্টেলিজেন্স ল্যাব তিনটি স্তম্ভের ওপর ভিত্তি করে কাজ করবে—এজেন্টিক এআই, অ্যাসিস্টিভ এআই এবং সার্বভৌম ও দায়িত্বশীল এআই। প্রতিটি এআই ব্যবহারের ক্ষেত্র ভি-র ‘গ্রেসি’ দায়িত্বশীল এআই কাঠামোর মাধ্যমে যাচাই করা হবে। পাশাপাশি তথ্য, মেধাস্বত্ব এবং এআই ব্যবস্থার নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা হবে।
এই ল্যাবের অধীনে উদ্ভাবনী প্রকল্প, নিজস্ব এআই প্রযুক্তির উন্নয়ন, আন্তর্জাতিক স্টার্টআপগুলিকে নিয়ে ‘ভি এআই ওপেন হ্যাকাথন’, ট্রান্সফরমেশন এআই ফ্যাক্টরি এবং কর্মীদের এআই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। টেলিকম অভিজ্ঞতা ও আন্তর্জাতিক এআই উদ্ভাবনকে একত্রিত করে সংস্থাগুলির কাজের পদ্ধতি আধুনিক করা, গ্রাহক পরিষেবার উন্নতি এবং ব্যবসায়িক বৃদ্ধির নতুন সুযোগ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।
এআই প্রযুক্তির প্রসারে ‘ভি ইন্টেলিজেন্স’ চালু
