প্রাকৃতিক উপকরণের ছোঁয়ায় জলপাইগুড়িতে ব্যতিক্রমী কালীপুজোর প্রস্তুতি

প্রাকৃতিক উপকরণের অভিনব ব্যবহারে এবার দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে জলপাইগুড়ির উদয়ন ক্লাবের কালীপুজো। জলপাইগুড়ি আনন্দ কলেজের মাঠে জোরকদমে চলছে মণ্ডপ তৈরির কাজ। কলাগাছের ছাল, পাটকাঠি, শুকনো মাশরুম, রুদ্রাক্ষ, কটবেল-সহ বিভিন্ন প্রাকৃতিক উপকরণ দিয়ে তৈরি হচ্ছে পুজোমণ্ডপ। পূর্ব মেদিনীপুর থেকে আসা শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ফুটে উঠছে অভিনব শিল্পকর্ম।
শুধু মণ্ডপের বাইরের কারুকার্যই নয়, ভিতরের সাজসজ্জা এবং দেবদেবীর বিভিন্ন চিত্রও এবার বিশেষ আকর্ষণ হতে চলেছে। ৬৭তম বর্ষের এই শ্যামাপুজোকে ঘিরে থাকছে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি। রয়েছে বসে আঁকো প্রতিযোগিতা-সহ নানা অনুষ্ঠান।
পুজো কমিটির সম্পাদক অপূর্ব ঘোষ জানান, প্রতি বছরের মতো এবারও শহরবাসীকে নতুনত্বের স্বাদ দিতে তাঁদের এই বিশেষ উদ্যোগ। পুজোর কয়েকটি দিন শহরবাসী ও দর্শনার্থীদের উদয়ন ক্লাবের মণ্ডপে আসার আমন্ত্রণ জানিয়েছেন উদ্যোক্তারা।