ভারত ও তার বাইরে নিজেদের নেটওয়ার্ক উল্লেখযোগ্যভাবে প্রসারিত করার কথা ঘোষণা করেছে দেশের দ্রুততম বর্ধনশীল বিমান সংস্থা আকাশা এয়ার। বর্তমানে তাদের দৈনিক উড়ান সংখ্যা ২০০ ছাড়িয়েছে। এই সম্প্রসারণের ফলে প্রধান অর্থনৈতিক কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় হবে এবং যাত্রীরা আরও বেশি সুবিধা ও বিকল্প পাবেন।
নতুন এই নেটওয়ার্ক বৃদ্ধির ফলে উত্তর, দক্ষিণ এবং পূর্ব ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে উড়ানের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে পূর্ব ভারতে কলকাতার উপস্থিতি আরও জোরদার করা হয়েছে। কলকাতা থেকে এখন সাপ্তাহিক উড়ান সংখ্যা বাড়িয়ে ৯৫টি করা হয়েছে এবং শহরে একটি নতুন ক্রু বেস স্থাপন করা হয়েছে, যা পূর্ব ভারতে সংস্থার ক্রমবর্ধমান কার্যক্রমকে আরও ত্বরান্বিত করবে।
সংস্থার এই ঐতিহাসিক পদক্ষেপে উচ্ছ্বাস প্রকাশ করে আকাশা এয়ারের সহ-প্রতিষ্ঠাতা ও চিফ কমার্শিয়াল অফিসার আনন্দ শ্রীনিবাসন বলেন, “চার বছর আগে যখন আমরা আকাশ এয়ার শুরু করি, তখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল এভিয়েশন বাজারে একটি অর্থবহ বিমান সংস্থা গড়ে তোলার সুযোগ দেখেছিলাম। আমাদের আজকের এই নেটওয়ার্কের পরিধি ও গভীরতা প্রমাণ করে যে আমরা সঠিক পথে এগোচ্ছি। যাত্রীদের জন্য ভ্রমণকে আরও সহজ, নির্ভরযোগ্য এবং আনন্দদায়ক করে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।”
নতুন ফ্লাইট ও বর্ধিত ফ্রিকোয়েন্সির মাধ্যমে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, জয়পুর, উদয়পুর, কোঝিকোড় সহ বিভিন্ন মেট্রো ও নন-মেট্রো শহরের মধ্যে যোগাযোগ আরও মসৃণ করা হয়েছে। আকাশা এয়ারের এই ধারাবাহিক সম্প্রসারণ দেশের এভিয়েশন খাতের বৃদ্ধিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
