ভুটানের গাসা জেলার চিন্তাফু হিমবাহ হ্রদ ভেঙে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। এর জেরে সতর্কতা জারি করেছে ভুটান। সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় সতর্ক করা হয়েছে উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাকেও। জলসম্পদ উন্নয়ন মন্ত্রক এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের তরফেও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, পাহাড়ি নদীগুলির জলস্তরের উপর নজর রাখা হচ্ছে। বিশেষ নজর রয়েছে সংকোশ নদীতে। নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক করতে নাগরাকাটা-সহ বিভিন্ন জায়গায় মাইকিং চলছে। নদীর জলস্তর বাড়লে বা বিপদের আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ, সিভিক ভলান্টিয়ার, সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে।
এদিকে, ভুটানের ওয়াকিলা পর্বতের কাছে লায়া অঞ্চলে বন্যার জেরে যান চলাচল বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হ্রদের বাঁধ ও প্রধান সড়কের একাধিক অংশ। দুর্ঘটনা এড়াতে সেনা ও স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ভুটানের জলবিজ্ঞান ও আবহাওয়া দপ্তর মোচু নদীর জলস্তরের উপর নজর রাখছে। সম্ভাব্য বিপদের কথা মাথায় রেখে ভুটানে থাকা ভারতীয় নাগরিকদেরও সতর্ক করেছে ভারতীয় দূতাবাস।
