ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আড়ালে তোলাবাজির অভিযোগ! বি*ক্ষোভ বিজেপির

ট্যুর অ্যান্ড ট্রাভেলসের আড়ালে সিন্ডিকেট ও তোলাবাজির অভিযোগ তুলে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় বিক্ষোভে সামিল হল বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। এদিন বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, অবৈধ কাগজ দেখিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় তোলাবাজি চালানো হচ্ছে।

বিজেপি নেতৃত্বদের দাবি, রাজ্যে পরিবর্তনের পর আর কোনও তোলাবাজি বরদাস্ত করা হবে না। “তোলাবাজি মুক্ত সমাজ গড়াই লক্ষ্য,” বলে জানান বিজেপি নেতারা। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও তোলা হয়। অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। তাদের দাবি, প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে। তবে ভোটের কারণে কিছু নথির রিনিউয়াল সময়মতো করা সম্ভব হয়নি। এছাড়াও তারা জানান, কোনও তোলাবাজি নয়, ব্যবসায়িক নিয়ম অনুযায়ী মাত্র ১০ শতাংশ কমিশন নেওয়া হয়ে থাকে।

অভিযুক্তদের আরও দাবি, এই ব্যবসার মাধ্যমে প্রায় ২০ থেকে ২৫ জন যুবকের সংসার চলছে এবং বহু পরিবারের রুটি-রুজি এর উপর নির্ভরশীল। ঘটনাকে কেন্দ্র করে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ।