স্পেশালিটি রেস্টুরেন্টস লিমিটেড অভিক চট্টোপাধ্যায়কে কোম্পানির সিইও পদে উন্নীত করেছে, যা অর্থবর্ষ-২৭-এর প্রথম কোয়ার্টার থেকে কার্যকর হবে। এর আগে তিনি স্পেশালিটি রেস্টুরেন্টসে ইনোভেশন অ্যান্ড নিউ ফরম্যাটস-এর এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। এই পদে থাকাকালীন তিনি গ্রুপের নতুন রেস্তোরাঁর ধারণা এবং ফরম্যাট তৈরির দায়িত্বে ছিলেন।
দ্বিতীয় প্রজন্মের উদ্যোক্তা অভিক চট্টোপাধ্যায় পিতা অঞ্জনময় চট্টোপাধ্যায়ের প্রতিষ্ঠিত ‘মেইনল্যান্ড চায়না’-র ঐতিহ্যের সঙ্গে যুক্ত থেকেই বড় হয়েছেন। একদম গোড়া থেকে ব্যবসা শেখার এই অভিজ্ঞতা এখন তার নতুন নেতৃত্বকে আরও সমৃদ্ধ করছে। ডিরেক্টর ও সিইও হিসেবে অভিক চট্টোপাধ্যায় স্পেশালিটি রেস্টুরেন্টসের সমস্ত দেশি-বিদেশি ব্র্যান্ড ও পোর্টফোলিও পরিচালনা করবেন। তার মূল অগ্রাধিকার হবে বিদ্যমান ব্র্যান্ডগুলোকে শক্তিশালী করা, নতুন বাজারে প্রসার ঘটানো, গ্রাহকদের পছন্দ অনুযায়ী নতুন কনসেপ্ট আনা এবং অপারেশনাল দক্ষতা বৃদ্ধি করা। চেয়ারম্যান ও এমডি অঞ্জনময় চট্টোপাধ্যায় বলেন, “অভিক এই ব্যবসার প্রতিটি বিভাগে কাজ করে বড় হয়েছে। তাই এই দায়িত্ব হস্তান্তর কোনও আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং স্বাভাবিক অগ্রগতি।
আমি চেয়ারম্যান হিসেবে যুক্ত থাকব, আর অভিকের হাতে দৈনন্দিন কার্যক্রমের দায়িত্ব দেওয়ায় কোম্পানি তার ঐতিহ্য ও ভবিষ্যতের সঠিক মেলবন্ধন ঘটাতে পারবে।” ডিরেক্টর ও সিইও অভিক চট্টোপাধ্যায় বলেন, “আমাদের লক্ষ্য মূল ব্র্যান্ডগুলোকে শক্তিশালী করার পাশাপাশি ক্লাউড কিচেন ও ছোট পরিসরের মতো নতুন ফরম্যাটে জোর দেওয়া। আগামী তিনটি কোয়ার্টারে মুম্বইয়ে ১২-১৫টি নতুন ওয়াল্টার্স স্টোর চালুর মাধ্যমে ডেলিভারি নেটওয়ার্ক প্রসারিত করা হবে। অপারেশনাল দক্ষতা, প্রযুক্তি এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করাই আমাদের মূল অগ্রাধিকার।”
