গুজরাটের গুজরাট ইন্টারন্যাশনাল ফিনান্স টেক-সিটি বা গিফট সিটি-তে নতুন অফিস চালু করল অ্যাক্সিস ট্রাস্টি সার্ভিসেস লিমিটেড। এই উদ্যোগের মাধ্যমে ভারতের দ্রুত বিকাশমান আন্তর্জাতিক আর্থিক পরিষেবা ব্যবস্থায় নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করতে চায় এই সংস্থা।
নতুন অফিসের উদ্বোধন করেন ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সার্ভিসেস সেন্টারস অথরিটি-র এক্সিকিউটিভ ডিরেক্টর প্রদীপ রামকৃষ্ণন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাক্সিস ট্রাস্টি সার্ভিসেস লিমিটেড-এর চেয়ারম্যান বিপিন সারাফ এবং ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাহুল চৌধুরী।
সংস্থার দাবি, নতুন এই অফিসের মাধ্যমে গিফট সিটিতে কাজ করা আর্থিক প্রতিষ্ঠান, ঋণ ইস্যু করে এমন সংস্থা, ফান্ড ম্যানেজার এবং বিনিয়োগকারীদের জন্য ট্রাস্টি, এজেন্সি ও ফিডিউশিয়ারি পরিষেবা আরও সহজলভ্য হয়ে উঠবে। পাশাপাশি দেশীয় ও আন্তর্জাতিক আর্থিক লেনদেনের জন্য বিশেষ পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
এই অফিস থেকে ডেট ক্যাপিটাল মার্কেট, ফেসিলিটি এজেন্সি, সিকিউরিটি ট্রাস্টি, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং এসক্রো এজেন্সি-সহ বিভিন্ন পরিষেবা দেওয়া হবে। এছাড়া ক্রস-বর্ডার আর্থিক কাঠামো এবং বিশেষ ফিডিউশিয়ারি পরিষেবার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি হবে বলে সংস্থা জানিয়েছে।
উদ্বোধনের পর একটি গোলটেবিল বৈঠকেরও আয়োজন করা হয়। সেখানে মূল বক্তা ছিলেন প্রদীপ রামকৃষ্ণন। বৈঠকে আর্থিক খাতের বিশিষ্ট প্রতিনিধিরা গিফট সিটির সম্ভাবনা, আন্তর্জাতিক আর্থিক কাঠামোর বিকাশ এবং শক্তিশালী সুশাসন ও ফিডিউশিয়ারি ব্যবস্থার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
বিপিন সারাফ বলেন, “গিফট সিটি ধীরে ধীরে আন্তর্জাতিক মূলধন ও আর্থিক পরিষেবার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠছে। এখানে আমাদের উপস্থিতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিরই প্রতিফলন। উন্নত সুশাসন, নির্ভরযোগ্য ট্রাস্টি পরিষেবা এবং নিয়ন্ত্রক দক্ষতার মাধ্যমে আমরা গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে চাই।”
রাহুল চৌধুরী বলেন, “ভারতের আন্তর্জাতিক আর্থিক পরিবেশে কাজ করা গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছতেই এই সম্প্রসারণ। বর্তমানে আন্তর্জাতিক আর্থিক পণ্যের জটিলতা বাড়ছে। তাই প্রযুক্তিনির্ভর এবং নিয়ন্ত্রক দক্ষতাসম্পন্ন ট্রাস্টি পরিষেবার চাহিদাও বাড়ছে। গিফট সিটিতে নতুন অফিস আমাদের সেই সক্ষমতা আরও বাড়াবে।”
গিফট সিটিতে নতুন অফিস চালু অ্যাক্সিস ট্রাস্টির
