তথ্যের ভিত্তিতে অভিযান চলো এলাকা জুড়ে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। জঙ্গিবাদে মদত ও বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপে উসকানির অভিযোগে নিষিদ্ধ ঘোষিত জামাত-এ-ইসলামি বা জেইআই-কে ঘিরে ফের বড়সড় অভিযান চালাল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ।

শ্রীনগর-সহ জম্মু ও কাশ্মীরের একাধিক এলাকায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের কাছে খবর ছিল, নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনটি নতুন করে উপত্যকায় নিজেদের নেটওয়ার্ক সক্রিয় করার চেষ্টা করছে এবং বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের আড়ালে জঙ্গি কার্যকলাপকে উৎসাহ দেওয়া হচ্ছে। সেই সূত্র ধরেই এদিনের এই সমন্বিত অভিযান চালানো হয়।

এনআইএ-র পাশাপাশি অভিযানে অংশ নেয় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের বিশেষ দল। নিরাপত্তা বাহিনীর দাবি, উপত্যকায় জঙ্গিবাদে অর্থ জোগান, নতুন সদস্য নিয়োগ এবং বিচ্ছিন্নতাবাদী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে একাধিক সংগঠনকে ব্যবহার করা হচ্ছিল। এদিনের অভিযানে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, ডিজিটাল ডিভাইস এবং যোগাযোগ সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয়েছে।