দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। এতদিন হোটেলের বিলের সঙ্গে অতিরিক্ত ১০ টাকা করে দিতে হত পর্যটকদের। আগামী ১ জুলাই থেকে আর এই টাকা দিতে হবে না বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
একইসঙ্গে দিঘা ও আশপাশের পর্যটন কেন্দ্রগুলির উন্নয়নে একাধিক পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকার পর্যটকদের কাছ থেকে এই টাকা নিত। বছরে প্রায় ৩০ লক্ষ টাকা এই খাত থেকে আয় হত। কিন্তু দিঘায় বছরে কয়েক কোটি টাকার পর্যটন ব্যবসা হয় এবং পর্যটকের সংখ্যাও অনেক বেশি। সেই হিসাব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, এই ব্যবস্থায় স্বচ্ছতার অভাব ছিল।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, দিঘায় শুধু সাধারণ মানুষ নন, অনেক ধনী পর্যটকও আসেন। তাঁরা আয়কর ও জিএসটির মতো কর দেন। তাই তাঁদের কাছ থেকে আবার আলাদা করে ১০ টাকা নেওয়া ঠিক নয়। সেই কারণেই এই অতিরিক্ত চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
