বড় নির্দেশ আদালতের তরফ থেকে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। মালদহের মোথাবাড়িতে এসআইআর যাচাই প্রক্রিয়া ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেই ঘটনায় এবার বড় সিদ্ধান্ত নিল আদালত। বিচারকদের ঘেরাও করে ব্লক অফিসের ভিতরে আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার হওয়া ৫২ জন অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে এনআইএ আদালত।

এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতি থেকে আদালত, সব জায়গাতেই তুমুল আলোচনা শুরু হয়েছিল। SIR-এর আওতায় থাকা ভোটারদের নথি যাচাই এবং সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তির কাজে কলকাতা হাই কোর্টের নির্দেশে সাত জন বিচারক কালিয়াচক-২ ব্লক অফিসে গিয়েছিলেন।

অভিযোগ, সেই সময় বিবেচনাধীন তালিকা থেকে নাম বাদ পড়া কিছু মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে বিচারকদের রাত পর্যন্ত ব্লক অফিসের ভিতরে আটকে রাখা হয় বলে অভিযোগ ওঠে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিষয়টি পরে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। আদালতের নির্দেশের পর তদন্তভার দেওয়া হয় এনআইএ-কে (NIA)। তদন্ত শুরুর আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি এই মামলায় একাধিক অভিযুক্তকে গ্রেপ্তার করে। তাদের মধ্যে ছিলেন মোফাক্কেরুল ইসলামও।