এই জয় সনাতনীদের জয়-সোমবার বিপুল ভোটে জয়লাভ করে মঙ্গলবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে বিজয় মিছিলে অংশ নিয়ে এমনটাই বললেন মালদা বিধানসভার বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহা। সোমবার তিনি ৫০ হাজারের বেশি ভোটে তৃণমূল প্রার্থীকে পরাজিত করে পুনরায় মালদা কেন্দ্রে নিজের জয় হাসিল করেন।
আর এই জয় হাসিলের পর মঙ্গলবার সাত সকালেই পুরাতন মালদার আটমাইলে বিজেপির জয়ী প্রার্থী গোপাল চন্দ্র সাহার বাড়িতে বিজেপি নেতাকর্মীরা হাজির হন। তারা প্রথমে গোপালবাবুর গলায় মালা পরিয়ে, হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে তাকে বিশাল জয়ের জন্য শুভেচ্ছা, অভিনন্দন জানান।
এরপর তাকে নিয়েই আটমাইল স্ট্যান্ড এলাকায় বিজয় মিছিল করেন। ডিজে বাজিয়ে, গেরুয়া আবির উড়িয়ে, বাজি পটকা ফাটিয়ে জয়ের আনন্দে মাতোয়ারা হন।
