সাতসকালে বোমাতঙ্ক নবদ্বীপে

এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার ৬ নম্বর ওয়ার্ডের শ্যামনগর এলাকায়। স্থানীয় সূত্রের খবর, আজ ভোর বেলায় নিতাই চন্দ্র সাহা নামে এক তৃণমূল কর্মীর বাড়ির পাঁচিলে একটি হুমকি চিঠি সহ বোমার মতো দেখতে সুতলি দিয়ে পেঁচানো বস্তু কে বা কারা রেখে যায়। আজ ভোর বেলায় পরিবারের লোকজনের  নজরে আসে বিষয়টি।

সামনে যেতেই দেখা যায় একটি হুমকির চিঠি এবং তার ওপর রাখা বোমার মত গোলাকার একটি  বস্তু। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় নবদ্বীপ থানায়। নবদ্বীপ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোমার মতো দেখতে ওই বস্তুটিকে উদ্ধার করে নিয়ে যায়। প্রসঙ্গত, চলতি মাসের গত ৫ তারিখে ঠিক এই বাড়িতেই ভাঙচুর ও হামলার অভিযোগ ওঠে।

সেই রেশ কাটতে না কাটতেই ফের এদিন বাড়ির বাড়ির পাচিলের ওপর হুমকির চিঠি সহ সুতলি দিয়ে পাকানো একটি গোলাকার বস্তু রেখে যায়। যদিও কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন নবদ্বীপ থানার পুলিশ। তবে বাড়ির লোকজন জানিয়েছে যে তারা বিরোধী দল তৃণমূল করে বলে তাদের উপর এমন আক্রমণ চালানো হচ্ছে।