শহরের ইস্টার্ন বাইপাস সংলগ্ন ক্ষুদিরাম পল্লী এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরির ঘটনায় লক্ষাধিক টাকা ও সোনার অলংকার উধাও হয়েছে বলে অভিযোগ। জানা গিয়েছে, গত রবিবার বাড়ির মালিক সপরিবারে বাড়িতে তালা দিয়ে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এরপর মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে মেইন দরজা খুলতেই চুরির ঘটনা চোখে পড়ে।
সঙ্গে সঙ্গেই আশিঘর ফাঁড়ির পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। বাড়ির মালিকের দাবি, বাড়ির আলমারিতে প্রায় সাড়ে চার লক্ষ টাকা নগদ এবং বেশ কিছু সোনার গয়না রাখা ছিল। এর মধ্যে প্রায় ৪ লক্ষ ২০ হাজার টাকা এবং কিছু সোনার অলংকার বেছে বেছে চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। পাশাপাশি, কিছু গুরুত্বপূর্ণ নথিপত্রও খোয়া গিয়েছে।
ঘটনার রহস্য আরও গভীর হয়েছে কারণ বাড়ির মূল দরজা ও তালা অক্ষত রয়েছে বলে জানিয়েছেন বাড়ির লোকজন। এমনকি বাড়ির উপরের টিনও অক্ষত অবস্থায় রয়েছে। ফলে ঠিক কীভাবে দুষ্কৃতীরা বাড়ির ভিতরে প্রবেশ করল, তা নিয়ে ধন্দে পড়েছেন সবাই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এর আগেও পাশের একটি বাড়িতে একই ধরনের চুরির ঘটনা ঘটেছিল। ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।
