উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে বুধবার রাতে ঘটে গেল চাঞ্চল্যকর শ্যুটআউটের ঘটনা। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহকারী তথা এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে মধ্যমগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
জানা গিয়েছে, মধ্যমগ্রামের দোলতলা এলাকার বাসিন্দা চন্দ্রনাথ রথ নিজের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি ছোট চারচাকা গাড়ি তাঁদের পথ আটকে দাঁড়ায়। এরপর পিছন দিক থেকে বাইকে করে এসে দুষ্কৃতীরা গাড়ি লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মোট প্রায় ছয় রাউন্ড গুলি চালানো হয়।
ঘটনায় আহত হয়েছেন গাড়ির চালকও। তাঁকে গুরুতর আহত অবস্থায় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের চিকিৎসক প্রতিম সেনগুপ্ত জানান, চন্দ্রনাথ রথের বুকের বাঁদিকে দুটি গুলি লাগে এবং তা হার্ট ভেদ করে বেরিয়ে যায়। হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তিনি।
ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছোট গাড়ি আটক করেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। আহত চালকের শারীরিক অবস্থার উন্নতি হলে তাঁর কাছ থেকেও গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে মনে করছে তদন্তকারী।
