জারি হলো লুক আউট নোটিশ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের সময় প্রশাসনিক মহলে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসকে ঘিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তৎপরতা বাড়তেই পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে।

বারংবার ডাকা সত্ত্বেও সাড়া না মেলায় এবার কড়া পদক্ষেপ নিল ইডি। কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দুটি আলাদা মামলার তদন্তের সূত্রে তাঁকে একাধিকবার হাজিরার নির্দেশ দেওয়া হলেও তিনি নিজে উপস্থিত হননি বলে অভিযোগ।

জানা যায়, বিশ্বজিৎ পোদ্দার ওরফে ‘সোনা পাপ্পু’-কে ঘিরে চলা একটি মামলাতেই তাঁকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মামলার তদন্তে বেহালার ব্যবসায়ী জয় কামদারকে গ্রেফতার করেছে ইডি। সেই সূত্র ধরেই পুলিশকর্তা শান্তনুর বাড়িতে তল্লাশি চালানো হয়। লুক আউট নোটিস জারি হওয়ার পর পরিস্থিতি কোন দিকে গড়ায়, তা নিয়ে এখন নজর রয়েছে প্রশাসনিক মহলের।