আশা কর্মীদের ভাতা বাড়লেও বঞ্চিত NUHM কর্মীরা! মুখ্যমন্ত্রীর উদ্দেশে দাবিপত্র, রাজ্যজুড়ে পেন ডাউন আন্দোলন

ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা পরিষদে ডেপুটেশন জমা দিলেন ন্যাশনাল আরবান হেলথ মিশন (NUHM)-এর অন্তর্ভুক্ত কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)-এর হাতে জমা দেওয়া এই দাবিপত্র মূলত রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে লেখা হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। কর্মীদের অভিযোগ, সাম্প্রতিক রাজ্য বাজেটে আশা কর্মী-সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীদের ভাতা বৃদ্ধির ঘোষণা করা হলেও NUHM-এর অধীনে কর্মরতদের জন্য কোনও আর্থিক সুবিধা ঘোষণা করা হয়নি। এর ফলে তাঁরা নিজেদের বঞ্চিত বলে মনে করছেন।

আন্দোলনরত কর্মীদের দাবি, শুধুমাত্র আশা কর্মীরাই স্বাস্থ্য পরিষেবার সমস্ত কাজ করেন— এমন ধারণা বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁদের বক্তব্য, গর্ভবতী মহিলাদের স্বাস্থ্যপরীক্ষা, ওষুধ বিতরণ, ল্যাব সংক্রান্ত কাজ, চিকিৎসা পরিষেবা পরিচালনা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন NUHM-এর কর্মীরাও। অথচ তাঁদের অবদান যথাযথ স্বীকৃতি পাচ্ছে না। এদিনের আন্দোলনে কমিউনিটি হেলথ কর্মী, JNM কর্মী, চিকিৎসক, ফার্মাসিস্ট-সহ বিভিন্ন বিভাগের কর্মীরা অংশ নেন।

রাজ্যজুড়েই একই দাবিতে পেন ডাউন কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান আন্দোলনকারীরা। শিলিগুড়িতে NUHM-এর মোট ১০টি ইউনিট রয়েছে। সব মিলিয়ে প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মী এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা।