পূর্বাভাস মতোই মঙ্গলবার দুপুর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পুরুলিয়ার বিভিন্ন এলাকায় প্রবল ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হয়। কোথাও কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া বইতে দেখা যায়। ঝড়ের দাপটে কলকাতার ধর্মতলা ও হাই কোর্ট চত্বরে গাছ ভেঙে পড়ে, যার ফলে কিছু এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবুও বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবারও কয়েকটি জেলায় ঝড়বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।
এদিকে সমুদ্র উপকূলে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। সেই কারণে বুধবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় আগামী কয়েক দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তে কিছু এলাকায় অতি ভারী বৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদদের মতে, ঝড়বৃষ্টির এই পরিস্থিতি আগামী সপ্তাহের শুরু পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
