ষষ্ঠ তফসিলের অন্তর্ভুক্তি ও পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে আন্দোলনের মধ্যেই লাদাখের আটটি স্বশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর ভোটগ্রহণ হবে বলে মঙ্গলবার বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্রশাসিত অঞ্চলটির নির্বাচন কমিশন।
লাদাখের লেফটেন্যান্ট গভর্নর বিনয়কুমার সক্সেনার অনুমোদনের পর এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ১৭ নভেম্বর এবং প্রার্থিপদ প্রত্যাহারের শেষ দিন ২০ নভেম্বর। আটটি পরিষদ হলো লেহ, কারগিল, সাঙ্কু, চাংথাং, নুব্রা, শাম, জাঁসকর ও দ্রাস। আগে লাদাখে লেহ ও কারগিল—এই দুটি পার্বত্য পরিষদ ছিল। চলতি বছর আরও ছয়টি জেলা ও পরিষদ গঠন করা হয়েছে।
২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে পৃথক হয়ে কেন্দ্রশাসিত অঞ্চল হয় লাদাখ। এরপর থেকেই পূর্ণ রাজ্যের মর্যাদা ও সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় আনার দাবিতে আন্দোলন চলছে। সমাজকর্মী সোনম ওয়াংচুকের নেতৃত্বে লেহতে শুরু হওয়া আন্দোলন পরে কারগিলেও ছড়িয়ে পড়ে। কারগিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সও এই দাবিকে সমর্থন জানিয়েছে।
তবে ডিসেম্বরের তীব্র শীতে নির্বাচন আয়োজন নিয়ে আপত্তি জানিয়েছে স্থানীয় সংগঠনগুলি। দাবি পূরণ না হওয়ায় ভোট বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার লাদাখ বুদ্ধিস্ট অ্যাসোসিয়েশনসহ একাধিক সংগঠন নির্বাচন বয়কটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকের ডাক দিয়েছে।
উল্লেখ্য, সংবিধানের ষষ্ঠ তফসিল অনুযায়ী, নির্দিষ্ট জনজাতি অধ্যুষিত এলাকায় স্বশাসিত প্রশাসনিক পরিষদ গঠন করে বিশেষ আইন প্রণয়ন ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া যায়। বর্তমানে অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরার কয়েকটি এলাকায় এই ব্যবস্থা কার্যকর রয়েছে।
