রোজ সকালের এই ৫ অভ্যাস হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে

সুস্থ হৃদ্‌যন্ত্রের জন্য শুধু খাবার ও ব্যায়ামের দিকে নজর দিলেই হবে না, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসও গুরুত্বপূর্ণ। বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর কী করছেন, তার প্রভাব পড়তে পারে হৃদ্‌স্বাস্থ্যে। ধূমপান, অস্বাস্থ্যকর খাবার কিংবা শারীরিক নিষ্ক্রিয়তার মতো কিছু অভ্যাস দীর্ঘমেয়াদে হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। জেনে নিন, সকালের কোন পাঁচটি অভ্যাস এড়িয়ে চলা জরুরি।

চায়ের সঙ্গে সিগারেট
অনেকের সকাল শুরু হয় এক কাপ চা ও একটি সিগারেট দিয়ে। কিন্তু ধূমপান রক্তনালির ক্ষতি করে, রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায় এবং ধমনিতে চর্বি জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। ফলে হৃদ্‌রোগ ও স্ট্রোকের ঝুঁকি বাড়তে পারে। তাই ধূমপান সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়াই হৃদ্‌যন্ত্র সুস্থ রাখার অন্যতম উপায়।

প্রাতরাশে প্রক্রিয়াজাত খাবার
সকালের জলখাবারে ইনস্ট্যান্ট নুডলস, প্রক্রিয়াজাত মাংস, প্যাকেটজাত খাবার কিংবা অতিরিক্ত নুনযুক্ত খাবার খাওয়ার অভ্যাস ক্ষতিকর হতে পারে। এসব খাবারে সোডিয়াম, চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাট বেশি থাকে, যা উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। এর পরিবর্তে ফল, শাকসবজি, গোটা শস্য ও স্বাস্থ্যকর প্রোটিন রাখা ভালো।

অতিরিক্ত চিনিযুক্ত চা-কফি
সকালের চা বা কফিতে অতিরিক্ত চিনি মেশানোর অভ্যাসও স্বাস্থ্যের জন্য ভালো নয়। নিয়মিত চিনিযুক্ত পানীয় পান করলে ওজন বৃদ্ধি ও বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়তে পারে, যা হৃদ্‌স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। তাই ধীরে ধীরে চা-কফিতে চিনির পরিমাণ কমিয়ে আনা উচিত।

ঘুম থেকে উঠেই দীর্ঘক্ষণ বসে কাজ করা
অনেকেই ঘুম থেকে উঠেই অফিসের কাজ শুরু করেন। দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা এবং শারীরিক পরিশ্রমের অভাব হৃদ্‌রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই সকালে কিছুক্ষণ হাঁটা, হালকা ব্যায়াম এবং কাজের ফাঁকে নিয়মিত বিরতি নেওয়া জরুরি। নিয়মিত শরীরচর্চা রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়তা করে।

নিয়মিত ওষুধ খেতে ভুলে যাওয়া
উচ্চ রক্তচাপ বা হৃদ্‌রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়ম মেনে খাওয়া জরুরি। ব্যস্ততার কারণে ওষুধ খেতে ভুলে যাওয়া কিংবা নিজের ইচ্ছেমতো ওষুধের মাত্রা পরিবর্তন করা বিপজ্জনক হতে পারে। তাই ওষুধ খাওয়ার সময় মনে রাখতে অ্যালার্ম ব্যবহার করতে পারেন। চিকিৎসকের পরামর্শ ছাড়া কখনো ওষুধ বন্ধ বা পরিবর্তন করা উচিত নয়।