গণনাকর্মীদের প্রস্তুতিতে জোর, শিলিগুড়িতে বিজেপির বিশেষ প্রশিক্ষণ শিবির

ভোট গণনাকে সামনে রেখে সংগঠনিক প্রস্তুতি জোরদার করতে শিলিগুড়িতে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ২৮ জন প্রার্থী অংশগ্রহণ করেন।

শিবিরে গণনাকর্মীদের সম্ভাব্য অনিয়ম রোধে কীভাবে কাজ করতে হবে, সেই বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। উপস্থিত ছিলেন নিশীথ প্রামাণিক, শঙ্কর ঘোষ, রথীন বোস, আনন্দময় বর্মণ সহ একাধিক প্রার্থী। পাশাপাশি কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সুনীল বনসল, ভূপেন্দ্র যাদব ও মঙ্গল পাণ্ডে।

এদিনের বিজেপির রাজ্য সহ-সভাপতি ও ফালাকাটা কেন্দ্রের প্রার্থী দীপক বর্মণ জানান, স্ট্রং রুমে কারচুপির সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সেই কারণে গণনাকর্মীদের দায়িত্ব ও করণীয় সম্পর্কে স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে ও বাস্তব পরিস্থিতিতে কীভাবে অনিয়ম রোধ করা যায়, তা হাতে-কলমে শেখানো হয়েছে। তিনি আরও দাবি করেন, আগামী ৪ মে-র পর রাজ্যে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে বিজেপি।