বাজারে ভে*ঙে পড়ল ভবনের চাঙর, অল্পের জন্য এড়াল বড় দু*র্ঘটনা

শনিবার সকালে চাঞ্চল্যকর ঘটনা ঘটল কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে। হঠাৎই বাজারের একটি পুরনো ভবনের চাঙর খসে পড়ে একটি মাছের দোকানের ওপর। এতে দোকানের টিনের চাল ভেঙে পড়ে ব্যাপক ক্ষতি হয় এক মাছ ব্যবসায়ীর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই সকালে বাজার খুলছিল। সেই সময় আচমকাই ভবনের উপরের অংশ থেকে চাঙর খসে পড়ে মাছের দোকানের ওপর। সৌভাগ্যবশত তখন দোকানের ভেতরে কেউ উপস্থিত না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই ভবানীগঞ্জ বাজারের ভবনের অবস্থা অত্যন্ত জীর্ণ। কোচবিহার পৌরসভা কিছু অংশে সামান্য সংস্কার করলেও মূল সমস্যার কোনও স্থায়ী সমাধান করা হয়নি। এই ঘটনার ফলে তাঁর ব্যবসায় বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে বলেও জানান তিনি।

অন্য ব্যবসায়ীরাও একই অভিযোগ তুলে বলেন, বাজারের বেশিরভাগ ভবনই বহু পুরনো ও বৃষ্টির কারণে লোহার রডে মরচে ধরেছে। তার জেরেই এমন বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত বাজারের অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কারের দাবি তুলেছেন ব্যবসায়ীরা, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।