বিগ বিলিয়ন ডেইজের আগে ৭৫০টি নতুন পিনকোডে ডেলিভারি শুরু ফ্লিপকার্টের

আসন্ন ‘দ্য বিগ বিলিয়ন ডেইজ’ এবং উৎসবের মরসুমকে সামনে রেখে নিজেদের লজিস্টিক ও সাপ্লাই চেইন আরও শক্তিশালী করতে উদ্যোগী ফ্লিপকার্ট। সংস্থার সহযোগী প্রতিষ্ঠান ‘ইকার্ট’-এর ওয়্যারহাউজিং স্পেস দেশজুড়ে ১ কোটি ৪০ লক্ষ ঘনফুট বৃদ্ধি করা হয়েছে, যা সামগ্রিক স্টোরেজ ক্ষমতা ৫০ শতাংশ বাড়িয়ে দিয়েছে। এছাড়া উন্নত প্রযুক্তি ও অটোমেশনের মাধ্যমে সর্বোচ্চ অর্ডারের পিক প্রসেসিং ক্যাপাসিটি ৩০ শতাংশের বেশি বাড়ানো হয়েছে।

গ্রাহকদের দ্রুত পণ্য পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উৎসবের মরসুমে অতিরিক্ত ৯০০টি নতুন ডেলিভারি হাব যুক্ত করা হয়েছে। এর ফলে এখন দেশজুড়ে মোট ৮,২০০টিরও বেশি ইকার্ট সুবিধা কাজ করছে। সবচেয়ে বড় বিষয় হলো, লাদাখের লেহ, কারগিল এবং উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন দূরবর্তী অঞ্চল সহ ৭৫০টিরও বেশি নতুন পিনকোডে প্রথমবার বিগ বিলিয়ন ডেইজের পরিষেবা পৌঁছে যাবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী এবং ছোট বিক্রেতাদের সহায়তা করতে ইকার্টের গুদামগুলিতে আড়াই কোটিরও বেশি পণ্য আগে থেকেই মজুত রাখা হয়েছে।

ফ্লিপকার্ট গ্রুপের সাপ্লাই চেইন-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড হেমন্ত বদ্রী এই প্রসঙ্গে জানিয়েছেন, “প্রতি বছর বিগ বিলিয়ন ডেজ গ্রাহকদের প্রত্যাশার মান আরও বাড়িয়ে দেয়। এবছর লেহ বা কারগিলের একজন ক্রেতাও প্রথমবার বিগ বিলিয়ন ডেজের অভিজ্ঞতা লাভ করবেন।” উৎসবের মরসুমে এই বিশাল কর্মযজ্ঞে প্রায় ২.৫ লক্ষ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে ফ্লিপকার্ট, যার মধ্যে প্রায় ৭৫,০০০ কর্মী প্রথমবারের মতো কর্মক্ষেত্রে প্রবেশ করেছেন।