এবার সমস্যার সমাধান হবে দ্রুত গতিতে

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। কলকাতা মেট্রোর বিভিন্ন স্টেশনে এসকেলেটর বা অন্য পরিষেবায় সমস্যা দেখা দিলে তা ঠিক করতে অনেক সময় লেগে যায়। যাত্রীদের এই ভোগান্তি কমাতে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে মেট্রো কর্তৃপক্ষ।

উত্তর-দক্ষিণ মেট্রো করিডরের স্টেশনগুলিতে চালু করা হচ্ছে নতুন ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে কোনও সমস্যা দেখা দিলেই দ্রুত তা ধরা পড়বে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর-দক্ষিণ শাখার পুরনো পরিকাঠামোকে আরও আধুনিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই লক্ষ্যেই চালু করা হচ্ছে ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম।

শুধু স্টেশনের পরিষেবাই নয়, ট্র্যাক, রেল ও সিগন্যালিং ব্যবস্থার উন্নয়নের দিকেও নজর দেওয়া হচ্ছে। ভবিষ্যতের কথা ভেবে নতুন সাব-স্টেশন তৈরির পরিকল্পনাও রয়েছে। কোনও যন্ত্রে ত্রুটি দেখা দিলে বা কোনও পরিষেবায় সমস্যা তৈরি হলে সেই তথ্য দ্রুত সংশ্লিষ্ট কর্মীদের কাছে পৌঁছে যাবে। ফলে সমস্যা খুঁজে বের করতে বেশি সময় নষ্ট হবে না এবং মেরামতির কাজও দ্রুত শুরু করা যাবে।