বন্যায় বি*পর্যস্ত ভূতনী, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শনে রাজ্যের আধিকারিকরা

গঙ্গার জলস্তর বৃদ্ধি এবং ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মালদার মানিকচকের ভূতনী এলাকা। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার মালদায় এলেন রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের একটি দল। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ সিনহা, ডিজি সিভিল ডিফেন্স সঞ্জয় সিং এবং আইজি নর্থ বেঙ্গল সুকেশ জৈন হেলিকপ্টারে করে মালদায় পৌঁছন।

বেলা ১২টা নাগাদ মালদা বিমানবন্দরে অবতরণের পর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের আধিকারিকরা। বৈঠকে ভূতনীর সামগ্রিক বন্যা পরিস্থিতি, জলবন্দি মানুষের সংখ্যা, উদ্ধারকাজ এবং ত্রাণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এরপর জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে নিয়ে হেলিকপ্টারে আকাশপথে ভূতনীর বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন রাজ্যের আধিকারিকরা। জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, ক্ষতিগ্রস্ত বসতি এবং বন্যার জেরে তৈরি হওয়া পরিস্থিতি তাঁরা সরেজমিনে খতিয়ে দেখেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গঙ্গার জলস্তর বৃদ্ধির জেরে মানিকচকের ভূতনী এলাকার তিনটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে পড়েছে। বহু মানুষ জলবন্দি অবস্থায় রয়েছেন। একাধিক বাড়িঘর ও সম্পত্তি জলের তলায় চলে গিয়েছে। বন্যার জেরে যোগাযোগ ব্যবস্থাতেও ব্যাপক প্রভাব পড়েছে।

পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে উদ্ধারকাজ। দুর্গত মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি তাঁদের জন্য আশ্রয় ও প্রয়োজনীয় ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে। জলস্তরের গতিবিধি এবং পরিস্থিতির অবনতির সম্ভাবনা মাথায় রেখে পরবর্তী পদক্ষেপের দিকেও নজর রাখছে প্রশাসন।