বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, শিলিগুড়িতে কড়া বার্তা পুরনিগমের

শিলিগুড়ি পুরনিগমের ১০ নম্বর ওয়ার্ডে অবৈধ নির্মাণের অভিযোগে অভিযান চালাল পুরনিগম কর্তৃপক্ষ। বৃহস্পতিবার পুরনিগমের সংশ্লিষ্ট দফতরের আধিকারিক ও কর্মীরা এলাকায় পৌঁছে নির্মাণকাজ পরিদর্শন করেন।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়া কিংবা অনুমোদিত নকশার বাইরে নির্মাণ করা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হয়। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নির্মাণের নথিপত্রও পরীক্ষা করা হয়। অভিযানের সময় অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুরনিগমের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।
পুরনিগম কর্তৃপক্ষের বক্তব্য, শহরে বেআইনি নির্মাণ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অনুমোদিত নকশা ও পুরনিগমের নিয়ম মেনে নির্মাণ করতে হবে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিনের অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। শহরের বিভিন্ন ওয়ার্ডে অবৈধ নির্মাণ নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আগামী দিনেও পুরনিগমের অভিযান চলবে বলে জানা গিয়েছে।