সুখবর, চালু হতে চলেছে নয়া পরিষেবা

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কলকাতার যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে চলেছে। শহরে এবার চালু হতে পারে ওয়াটার মেট্রো পরিষেবা। একই সঙ্গে নদীপথ ও উপকূলবর্তী এলাকার উন্নয়নের জন্য কেন্দ্রের সাগরমালা-২ প্রকল্পেও যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী জানান, দেশের ১৭টি নদীপথ বা সমুদ্র সংলগ্ন শহরে ওয়াটার মেট্রো চালুর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। সেই তালিকায় এবার ১৮তম শহর হিসেবে যুক্ত হচ্ছে কলকাতা। তিনি বলেন, কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠকে এই বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। ফলে ভবিষ্যতে কলকাতার নদীপথ পরিবহণে নতুন সুযোগ তৈরি হবে। শুধু ওয়াটার মেট্রোই নয়, সাগরমালা-২ প্রকল্পেও অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। মুখ্যমন্ত্রীর দাবি, আগের সরকার সাগরমালা-১ প্রকল্পে যোগ না দেওয়ায় বাংলার উন্নয়নের অনেক সুযোগ হাতছাড়া হয়েছিল। এমনকি প্রকল্প বাস্তবায়নের জন্য যে কমিটি গঠনের কথা ছিল, সেটিও তৈরি হয়নি।