যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। এবার মূলত, প্রতিরক্ষা ও মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ভারত আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। জানা গিয়েছে, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা তথা DRDO-র গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট ৩৫০ কিলোগ্রাম থ্রাস্ট ক্ষমতাসম্পন্ন প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি এক্সপান্ডেবল টার্বোজেট ইঞ্জিন সফলভাবে উদ্ভাবন করেছে।
এই অর্জনকে দেশের প্রতিরক্ষা সেক্টরে আত্মনির্ভরশীলতার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বিবেচনা করা হচ্ছে। এই ইঞ্জিনটির উৎপাদন ও অ্যাসেম্বলির দায়িত্ব হায়দরাবাদে স্থিত আজাদ ইঞ্জিনিয়ারিংকে দেওয়া হয়েছিল। সংস্থাটি ইঞ্জিনটির কাজ সম্পন্ন করে DRDO-র GTRE-তে সরবরাহ করে। সংস্থাটির CEO, রাকেশ চোপদার, আনুষ্ঠানিকভাবে ইঞ্জিনটি DRDO-র ডাইরেক্টর জেনারেল (অ্যারোনটিক্যাল সিস্টেমস), ডঃ কে. রাজলক্ষ্মী মেনন এবং GTRE-র নির্দেশক, ডঃ এস.ভি. রামানামূর্তির কাছে হস্তান্তর করেন। এই প্রযুক্তিতে ভারতের আত্মনির্ভরশীল হয়ে ওঠাকে একটি বড় সাফল্য হিসাবে বিবেচনা করা হচ্ছে।
