তিউনিসিয়ায় আয়োজিত ‘জেরবা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ উইমেন অ্যান্ড ইয়ুথ সিনেমা’-এর দ্বাদশ সংস্করণে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে অংশগ্রহণ করে ভারত বিশ্বমঞ্চে নিজেদের কূটনৈতিক ও চলচ্চিত্র বিষয়ক উৎকর্ষের স্বাক্ষর রেখেছে। ২৪ থেকে ২৭ অক্টোবর চার দিনব্যাপী এই মর্যাদাপূর্ণ উৎসবে ভারতের স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র ‘তোয়াজ’ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছে।
অভিজিৎ শ্রীবাস্তব পরিচালিত ভারতীয় শর্ট ফিল্ম ‘তোয়াজ’ এই আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়। পাশাপাশি কম্পিটিটিভ শর্ট-ফিল্ম ক্যাটেগরিতে তৃতীয় পুরস্কার জয় করেছে, যা একটি উল্লেখযোগ্য অর্জন। চলচ্চিত্রটির কাহিনি এবং কারিগরি উৎকর্ষ আন্তর্জাতিক দর্শক ও জুরি সদস্যদের গভীরভাবে মুগ্ধ করেছে।
তিউনিসিয়ায় অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ লিখেছে, “জয়! দ্বাদশ ‘জেরবা ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অফ উইমেন অ্যান্ড ইয়ুথ সিনেমা’-এর আনুষ্ঠানিক শর্ট-ফিল্ম ক্যাটেগরিতে তৃতীয় পুরস্কার জিতেছে ‘হোয়াইট লোটাস’ (চলচ্চিত্রটির প্রযোজনা সংস্থার নাম)। পরিচালক অভিজিৎ শ্রীবাস্তব ও পুরো দলকে অনেক অনেক অভিনন্দন!”
নারী ও তরুণ চলচ্চিত্র নির্মাতাদের উদ্দেশ্যে নিবেদিত এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্তের শিল্পকর্ম একত্রিত হয়েছিল। ভারত ছাড়াও আলজেরিয়া, মরক্কো, লেবানন, মিশর, সিরিয়া, বাহরাইন, কাতার, ক্রোয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ফিলিস্তিনসহ ৩৮টি দেশের ৬৮টি অসাধারণ চলচ্চিত্র এই উৎসবে দেখানো হয়েছে।
উৎসবে ‘অতিথি রাষ্ট্র’ হিসেবে ভারতের বিশেষ স্বীকৃতি এবং ‘তোয়াজ’-এর এই অভাবনীয় সাফল্য বিশ্বমঞ্চে ভারতীয় চলচ্চিত্রের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে। এই অর্জন ভারত ও তিউনিসিয়ার মধ্যে সাংস্কৃতিক বিনিময় গভীরতর করতে এবং শৈল্পিক সহযোগিতাকে উৎসাহিত করার ক্ষেত্রে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকাকে তুলে ধরে। কূটনৈতিক মহলের মতে, এই আয়োজন দুই দেশের চলচ্চিত্র নির্মাতাদের মধ্যে সহযোগিতার নতুন পথ উন্মুক্ত করতে পারে।
