শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে মাছ, মাংস, ডিম। কিন্তু আপনি কি নিরামিশাষী? প্রোটিনের ঘাটতি মেটাতে রোজের খাদ্যতালিকায় থাকে ডাল। তবে এক রকমের ডাল খাওয়ার একঘেয়েমি কাটাতে বানিয়ে দেখুন তিনরত্ন ডাল। স্বাদ ও পুষ্টিতে ভরপুর এই ডাল দারুণ তৃপ্তি দেবে। রেসিপিও সহজ।
কী কী লাগবে
ছোলা, সবুজ মুগ এবং অড়হর ডালের মিশ্রণ ১ কাপ
হলুদগুঁড়ো ১ চা চামচ
কাঁচালঙ্কা ৩-৪টি
পেঁয়াজকুচি ২ টেবিল চামচ
আদাকুচি আধ চা চামচ
রসুনকুচি আধ চা চামচ
গোটা জিরে ১ চা চামচ
আস্ত শুকনো লঙ্কা ২টি
হিং ১ চা চামচ
গুঁড়ো গরমমশলা আধ চা চামচ
সর্ষের তেল ১ টেবিল চামচ
ঘি ১ চা চামচ
টাটকা ধনেপাতা কুচোনো
স্বাদমতো নুন
কীভাবে বানাবেন
একটি পাত্রে জল গরম করে তাতে হলুদগুঁড়ো, কাঁচালঙ্কা ও সামান্য নুন দিয়ে ডাল ভালো করে সেদ্ধ করে নিন। কড়াইয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ও জিরে ফোড়ন দিন। একটু ভাজা হলেই তাতে হিং মিশিয়ে দিন। এরপর আদা, রসুন, পেঁয়াজ যোগ করে বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। স্বাদমতো নুন যোগ করুন। এবার সেদ্ধ ডাল কড়াইয়ে ঢেলে অল্প আঁচে কিছুক্ষণ ফুটতে দিন। শেষে উপর থেকে ঘি ও গরমমশলা ছড়িয়ে আঁচ বন্ধ করে দিন। ধনেপাতা কুচি ছড়িয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু ডাল।
