কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা ‘চিকেনস নেক’ (Chicken’s neck) অঞ্চলে ট্রেন চলাচল ব্যবস্থা আরও উন্নত করতে বড় সিদ্ধান্ত নিল রেল মন্ত্রক। উত্তর-পূর্ব ভারতের সাথে দেশের বাকি অংশের সংযোগ রক্ষাকারী এই রেল রুটে ট্র্যাক দ্বিগুণ বা ডবল লাইন করার জন্য ৯১৬.১৮ কোটি টাকা অনুমোদন করা হয়েছে। গত ৮ জুন রেল বোর্ডের গতিশক্তি (পুর) শাখার ডিরেক্টর দীপক সিং উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজারকে (নির্মাণ) চিঠির মাধ্যমে এই বরাদ্দের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন।
এই প্রকল্পের অধীনে বিহারের ঠাকুরগঞ্জ থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি জংশন স্টেশন পর্যন্ত প্রায় ৫৬ কিলোমিটার দীর্ঘ সমান্তরাল রেল ট্র্যাকে ডবল লাইন বসানো হবে। এই রুটটি আলুয়াবাড়ি রোড থেকে ঠাকুরগঞ্জ হয়ে নকশালবাড়ি এবং বাগডোগরা দিয়ে শিলিগুড়িতে পৌঁছায়। বর্তমানে এই রুটে বেশ কিছু দূরপাল্লার ট্রেন চলাচল করে। রেলের এই সিদ্ধান্তের ফলে আলুয়াবাড়ি রোড থেকে নিউ জলপাইগুড়ি (NJP)গামী মূল লাইনের ওপর ট্রেনের অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে মনে করছেন রেল আধিকারিকেরা।
সম্প্রতি এই প্রকল্পের অংশ হিসেবে নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি জংশন পর্যন্ত ৭.১৫ কিলোমিটারের আরেকটি অংশের ট্র্যাক দ্বিগুণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিলিগুড়ি করিডোরে রেল নেটওয়ার্ককে শক্তিশালী করতে গত কয়েক মাসে একাধিক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার মধ্যে দিল্লি-শিলিগুড়ি হাই-স্পীড রেল করিডোর এবং শিলিগুড়ির কাছে ৩৫ কিলোমিটার দীর্ঘ আন্ডারগ্রাউন্ড রেল ট্র্যাক অন্যতম। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন যে, এই গুরুত্বপূর্ণ অংশে দ্বিতীয় লাইন চালু হলে উত্তরবঙ্গ ও সংলগ্ন অঞ্চলের রেল নেটওয়ার্কের সক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে এবং ভবিষ্যতে এই রুটে আরও নতুন নতুন ট্রেন চালু করার পথ প্রশস্ত হবে।
