বড় পদক্ষেপ, এবার এড়াতে পারে দুর্ঘটনা

যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। ভারতে পথ দুর্ঘটনা রোধে বড় প্রযুক্তিগত পরিবর্তনের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। সম্প্রতি কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক এমন একটি প্রস্তাব সামনে এনেছে, যেখানে নতুন প্রজন্মের Connected Vehicle Technology ব্যবহারের কথা বলা হয়েছে।

এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল Vehicle-to-Vehicle Communication System। প্রস্তাব অনুযায়ী, ২০২৮ সালের ১ অক্টোবর বা তার পরে তৈরি হওয়া সমস্ত নতুন গাড়িতে বাধ্যতামূলকভাবে এই ব্যবস্থা সংযুক্ত করতে হবে। নতুন AIS-230 মানদণ্ড অনুসারে এই প্রযুক্তি ব্যবহার করা হবে। সরকারের বিশ্বাস, এক গাড়ি থেকে অন্য গাড়িতে তাৎক্ষণিক তথ্য আদান-প্রদানের মাধ্যমে বহু দুর্ঘটনা আগেই এড়ানো সম্ভব হবে এবং দেশের সড়ক নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

এই প্রযুক্তির মূল উদ্দেশ্য হল রাস্তায় চলতে থাকা যানবাহনের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরি করা। V2V সিস্টেমের সাহায্যে একটি গাড়ি আশেপাশে থাকা অন্য গাড়িগুলিকে নিজের গতি, অবস্থান, চলার দিক এবং অ্যাক্সিলারেশনের মতো গুরুত্বপূর্ণ তথ্য মুহূর্তের মধ্যে পাঠাতে পারবে। বিশেষজ্ঞদের মতে, এত বড় পরিসরে এই প্রযুক্তি চালু হলে ভারতের সড়ক পরিবহণ ব্যবস্থায় এক নতুন অধ্যায়ের সূচনা হবে।