অভিনব উদ্যোগ জেলা প্রশাসনের তরফ থেকে

জল্পনা চলছিল বিগত বেশ কিছুদিন ধরেই, অবশেষে তা সত্যি হতে চলেছে, নেওয়া হলো সিদ্ধান্ত। কৃষ্ণনগর স্টেশনে নেমে এসি গাড়িতে চেপে সোজা মায়াপুর। এমনই উদ্যোগ নিয়েছে নদিয়া জেলা প্রশাসন। কৃষ্ণনগরের জেলাশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই সেনসাস ফ্রি রাইড পরিষেবা শুরু হয়েছে।

এই বিষয়ে জেলাশাসক ড. শ্রীকান্ত পাল্লি জানান, “জনগণনা বা সেনসাস শুধুমাত্র একটি প্রশাসনিক পরিসংখ্যানিক প্রক্রিয়া নয়। এটি দেশের সঠিক উন্নয়ন পরিকল্পনা এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণের মূল ভিত্তি। সেই কারণে প্রত্যেক নাগরিকের সঠিক তথ্য অন্তর্ভুক্ত হওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। তাই জনগণের দোরগোড়ায় সচেতনতার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।”

জনগণনার আবহে নদিয়া জেলা প্রশাসনের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হল, একদিকে সাধারণ মানুষকে বিনামূল্যে পরিবহণের সুবিধা দেওয়া ও সেই সঙ্গেই আসন্ন জনগণনা নিয়ে সঠিক এবং ব্যাপক প্রচার চালানো। জেলাশাসক জানিয়েছেন, এই অভিনব কর্মসূচির অধীন জেলা জুড়ে আরও একাধিক সাজানো টোটো, ই-রিকশা চলাচল করবে।