মাটিগাড়া থানা এলাকার সাদা পোশাকের পুলিশের তৎপরতায় ফের একটি বড়সড় চুরির ঘটনার রহস্যভেদ হলো। গত ২৯শে সেপ্টেম্বর মাটিগাড়ার চৌরঙ্গী মোড় সংলগ্ন এলাকার বাসিন্দা অরবিন্দ সরকারের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ওই দিন বাড়ি থেকে একটি মূল্যবান রুপোর গণেশ ঠাকুরের মূর্তি সহ পুজোর ঘরের বেশ কিছু সামগ্রী চুরি হয়ে যায়।
বাড়ির মালিকের সন্দেহ গিয়ে পড়ে তাঁদেরই এক রং মিস্ত্রির ওপর, যে কিছুদিন আগেই ওই বাড়িতে রঙের কাজ করেছিল। সেই সময় চুরির ঘটনা ঘটে। যদিও সেই সময় কোনো প্রমাণ না থাকায় তাঁরা কিছু করতে পারেননি। এরপর সম্প্রতি ফের ওই মিস্ত্রির মাধ্যমেই বাড়ির কিছু অংশের রঙের কাজ করানো হয়, আর ফের চুরির ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের হওয়ার পর, মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ দ্রুত তদন্তে নামে অভিযুক্তকে পাকড়াও করে।
পুলিশ জানিয়েছে, ধৃত অভিযুক্তের নাম শুভম রায়। সে অনিল নগর এলাকার বাসিন্দা। ধৃতকে জেরা করে চুরি যাওয়া সমস্ত সামগ্রী ও মূল্যবান রুপোর গণেশ মূর্তিটি উদ্ধার করা হয়েছে। পুলিশি এই দ্রুত পদক্ষেপে এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।
