ঘোষপুকুর বাইপাসে তীর্থযাত্রীবোঝাই বাস দুর্ঘ*টনায় আ*হত বহু

শিলিগুড়ির কাছে ফাঁসিদেওয়ার ঘোষপুকুর এলাকায় জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল তীর্থযাত্রীবোঝাই একটি বাস। দুর্ঘটনায় চালকসহ অন্তত ৩৫ জন তীর্থযাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছায় ঘোষপুকুর আউটপোস্ট ও ফাঁসিদেওয়া থানার পুলিশ। 

উদ্ধারকারী টিমের সাহায্যে আহতদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রীদের নিয়ে বাসটি মেদিনীপুর থেকে মায়াপুর ও শিলিগুড়ি হয়ে কালিম্পং ও অন্যান্য পাহাড়ি তীর্থক্ষেত্রের দিকে যাচ্ছিল।

ফাঁসিদেওয়ার ঘোষপুকুর বাইপাসের কাছে জাতীয় সড়কে হঠাৎই দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের নিচু নয়ানজুলিতে উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। দুর্ঘটনায় বাসে থাকা ৩৫ জন যাত্রী কমবেশি আহত হয়েছেন, যাঁদের মধ্যে ৩-৪ জনের আঘাত গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বাসের কাঁচ ভেঙে এবং দুমড়ে-মুচড়ে যাওয়া অংশ থেকে একে একে আহতদের বার করে আনা হয়। আহতদের তৎক্ষণাৎ অ্যাম্বুল্যান্সে করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনাকবলিত বাসটিকে ক্রেনের সাহায্যে সড়ক থেকে সরানোর পর জাতীয় সড়কে যান চলাচল আবার স্বাভাবিক করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জাতীয় সড়কে বাসটির উচ্চ গতি এবং চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে ঘোষপুকুর ট্র্যাফিক পুলিশ।