অনুভ জৈন ও লস্ট স্টোরিসের সহযোগিতায় কোক স্টুডিয়ো ভারত-এর গান ‘আর্জ কিয়া হ্যায়’ স্পটিফাই ইন্ডিয়ার সেরা গানের চার্টে এক নম্বরে পৌঁছেছে। এর ফলে প্রথম কোক স্টুডিয়ো ভারত গান হিসেবে এই মাইলফলক অর্জন করল গানটি। এক বছরেরও বেশি সময় ধরে স্পটিফাই ইন্ডিয়া ডেইলি চার্টে থাকা গানটি বিশ্বের শীর্ষ গানের চার্টেও ৭১ নম্বরে উঠেছে।
অনুভ জৈনের গান লেখার ধরন ও লস্ট স্টোরিসের ইলেকট্রনিক-ফিউশন সাউন্ডের সঙ্গে কোক স্টুডিয়ো ভারত-এর সংগীতধারার মেলবন্ধনে তৈরি হয়েছে গানটি। ২০২৫ সালের আগস্টে মুক্তির পর থেকে এটি ৪৮৪ মিলিয়নেরও বেশি অডিও স্ট্রিম, ২৬০ মিলিয়ন ইউটিউব ভিউ এবং ১ কোটি ৭৭ লক্ষেরও বেশি ইউজার-জেনারেটেড কনটেন্ট পেয়েছে। আহমেদাবাদ, পুণে, মুম্বই, দিল্লি, কলকাতা ও গুয়াহাটিতেও গানটি বিশেষ সাড়া ফেলেছে।
অনুভ জৈন বলেন, এক বছর পরেও গানটির নতুন শ্রোতা পাওয়া এবং স্পটিফাই ইন্ডিয়ায় এক নম্বরে ওঠা তাঁর প্রত্যাশার বাইরে। কোক স্টুডিয়ো ভারত-এর অংশ হওয়া তাঁর দীর্ঘদিনের স্বপ্ন ছিল। গানটি মানুষের জীবনে জায়গা করে নেওয়ায় তিনি শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ।
কোকা-কোলা ইন্ডিয়ার আইএমএক্স লিড শান্তনু গাঙ্গানে বলেন, ‘আর্জ কিয়া হ্যায়’ কোক স্টুডিয়ো ভারত-এর বিভিন্ন সাউন্ড, সৃজনশীল দৃষ্টিভঙ্গি ও শিল্পীদের একত্রিত করার ভাবনাকে তুলে ধরে। এক বছর পরেও চার্টে গানটির উপস্থিতি তার দীর্ঘস্থায়ী গ্রহণযোগ্যতার প্রমাণ।
ইউনিভার্সাল মিউজিক গ্রুপের দেবরাজ সান্যাল বলেন, গানটি একটি প্রজন্মের সংগীতস্মৃতির অংশ হয়ে উঠেছে। এদিকে কোক স্টুডিয়ো ভারত সিজন ৪-এ ‘অ্যায় আজানবি’, ‘বুল্লেয়া ভে’, ‘কচৌড়ি গলি’, ‘হুর’ ও ‘হিভদে রো হার’-এর মতো গানও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।
