নতুন দাম ও আকর্ষক ফিচার সহ মারুতি সুজুকি ব্রেজা লঞ্চ

তরুণ প্রজন্মের ক্রেতাদের কথা মাথায় রেখে বাজারে এল মারুতি সুজুকি ইন্ডিয়া লিমিটেডের ‘নিউ ব্রেজা টার্বো বুস্টারজেট’। স্পোর্টি ও বোল্ড লুকের এই গাড়িটির প্রাথমিক দাম শুরু হচ্ছে ৭,৩৯,৯০০ টাকা থেকে। নিউ ব্রেজা টার্বো বুস্টারজেটে রয়েছে ৯৯৭ সিসি ইঞ্জিন, যা থেকে সর্বোচ্চ ৮১ কিলোওয়াট শক্তি এবং ১৭০ এনএম টর্ক উৎপন্ন হয়। এর জ্বালানি দক্ষতা প্রতি লিটারে ২০.৪৭ কিমি। পাশাপাশি, গাড়িটি উন্নত কে১৫সি ডুয়াল জেট ডুয়াল ভিভিটি ইঞ্জিন এবং এস-সিএনজি অপশনেও উপলব্ধ, যা যথাক্রমে ২১.০৯ কিমি/লিটার এবং ২৬.৯ কিমি/কেজি মাইলেজ দেয়।

গাড়িটিতে পেট্রোল এবং সিএনজি উভয় মডেলেই নতুন ৬-স্পিড ম্যানুয়াল এবং প্যাডেল শিফটার সহ ৬-স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা রয়েছে। গাড়ির ডিজাইনে আনা হয়েছে নজরকাড়া পরিবর্তন। স্মোকড ক্রোম গ্রিল, মেটালিক গ্রে বুল বার, নতুন ডুয়াল-টোন সাইড ক্ল্যাডিং এবং প্রিসিশন-কাট অ্যালয় হুইল গাড়িটির লুককে আরও আকর্ষণীয় করে তুলেছে। এছাড়া রঙের ক্ষেত্রে ‘ভিভেসিয়াস অরেঞ্জ’ ও ‘লাস্ট্রাস বেইজ’ সহ একাধিক ডুয়াল-টোন অপশন যোগ করা হয়েছে।

সুরক্ষার দিক থেকেও এতে অত্যন্ত আধুনিক ফিচার যোগ করা হয়েছে। ভারত এনসিএপি-এর ৫-স্টার রেটিংয়ের কথা মাথায় রেখে এতে ব্লাইন্ড স্পট ওয়ার্নিং, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম এবং উন্নত ৩৫০ ডিগ্রি ভিউ ক্যামেরা দেওয়া হয়েছে। ইনফোটেইনমেন্টের জন্য রয়েছে ১০.১ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে, বিল্ট-ইন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট এবং আর্কামিসের প্রিমিয়াম স্পিকার সিস্টেম। মারুতি সুজুকির সিনিয়র এগজিকিউটিভ অফিসার পার্থ ব্যানার্জি আশাবাদী যে, এই নতুন ব্রেজা কম্প্যাক্ট এসইউভি বাজারে তার জনপ্রিয়তার ধারা বজায় রাখবে।