নেতাজি বয়েজ প্রাইমারি স্কুলের নতুন স্মার্ট ক্লাসরুমের দ্বারোদঘাটন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ক্ষুদে স্কুলপড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন রাজ্যের পর্যটন মন্ত্রী ডঃ শংকর ঘোষ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সামগ্রিক পরিকাঠামো ও পঠনপাঠনের ভূয়সী প্রশংসা করেন তিনি।
মন্ত্রী স্কুলে পৌঁছানোর পর অভিভাবিকারা ফুল ছিটিয়ে ও শঙ্খ বাজিয়ে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এই অনুষ্ঠানে শিলিগুড়ি ও জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের (SJDA) সিইও/এইও সঞ্জয় মালাকারসহ অন্যান্য বিশিষ্ট অতিথিরাও উপস্থিত ছিলেন। ছোট পড়ুয়াদের সঙ্গে কথা বলার পর বক্তব্য রাখতে গিয়ে ডঃ শংকর ঘোষ এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে সরকারি স্কুলের উজ্জ্বল ভবিষ্যতের একটি বাস্তব দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।
পাশাপাশি, শিশুদের মস্তিষ্ক বিকাশের সঠিক সময় ১২ বছর পর্যন্ত বলে উল্লেখ করে তিনি প্রধান শিক্ষক কাঞ্চন দাস ও শিক্ষক-শিক্ষিকাদের ভূমিকার প্রশংসা করেন। তিনি অভিভাবকদের উদ্দেশে জানান, স্কু্লে শিক্ষকরা যেভাবে শিক্ষা দিচ্ছেন, বাড়িতেও তার সঠিক অনুশীলন করাতে হবে, কারণ এই ছোট পড়ুয়ারাই আগামী দিনের ভবিষ্যৎ।
