নাতির প্রেমের জেরে খু*ন! উদ্ধার দম্পতির গ*লা কাটা দেহ

ভয়াবহ ও চাঞ্চল্যকর ঘটনায় উত্তাল কোচবিহারের মাথাভাঙ্গা। শোবার ঘর থেকে এক দম্পতির রক্তাক্ত, গলা কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে মাথাভাঙ্গা মহকুমার পাড়ডুবি গ্রাম পঞ্চায়েতের তেঁতুলতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম রহিমউদ্দিন বস্তাদার (৬২) ও তাঁর স্ত্রী আসিয়া বিবি (৫৫)। ভোর রাতে তাঁদের শোবার ঘর থেকেই রক্তাক্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ঘোকসাডাঙা থানার পুলিশ। পরে দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পরিবারের এক নাতির প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে অশান্তি চলছিল। অভিযোগ, ওই প্রেমের সম্পর্ক ঘিরে স্থানীয় এক তরুণীর পরিবারের পক্ষ থেকে মৃত দম্পতিকে হুমকি দেওয়া হয়েছিল।

পরিবারের দাবি, সেই বিবাদের জেরেই এই নির্মম খুন। ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে ও দোষীদের চিহ্নিত করতে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক অনুমান, প্রেমঘটিত বিবাদের জেরেই এই জোড়া খুন, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্ত চলছে।