টোটোয় পাচার হচ্ছিল নে*শার ট্যাবলেট, বুনিয়াদপুরে পুলিশের জালে ৩

দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পুরসভার পীরতলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন হাজার নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় দুই যুবক ও এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া ট্যাবলেটগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ ১০ হাজার টাকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে বংশীহারী থানার পুলিশ, হরিরামপুর ট্রাফিক ইউনিট এবং গঙ্গারামপুর মহকুমা পুলিশের আধিকারিক শুভতোষ সরকারের নেতৃত্বে যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন বুনিয়াদপুরের পীরতলা এলাকায় একটি টোটো থামিয়ে তল্লাশি চালানো হয়। টোটোতে থাকা তিন অভিযুক্তের ব্যাগ থেকে প্রায় ৩,৫০০টি নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার হয়। ধৃতদের নাম মুবারক মিয়া (২০), মানিকুল মিয়া (২৫) এবং মোনালিকা পারভীন (২২)। তাঁদের সকলের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃতরা মালদহের গাজোল থেকে টোটোযোগে গঙ্গারামপুরের উদ্দেশে ওই নেশাজাতীয় ট্যাবলেট নিয়ে যাচ্ছিল। গোপন সূত্রের তথ্যের ভিত্তিতেই তাদের আটক করা সম্ভব হয়।

শুক্রবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধান এবং এই চক্রের বিস্তৃত নেটওয়ার্কের খোঁজে ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।