দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে রাজ্যে সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের সরকারি ব্যবস্থাকে নতুন রূপ দিল পশ্চিমবঙ্গ সরকার।
এতদিন যে পরিষেবা ‘মুখ্যমন্ত্রীকে বলুন’ নামে পরিচিত ছিল, সেটিই এবার নতুন নাম নিয়ে মানুষের সামনে এল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পরই বলেছিলেন, “আমি নই, আমরা।” সেই দর্শনকে সামনে রেখেই কর্মসূচির নতুন নাম রাখা হয়েছে “আপনার সরকার আপনার পাশে।“
আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির সূচনা করেন তিনি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ৮২৮২০৮২৮২০ নম্বরে ফোন করে নাগরিকরা বিভিন্ন প্রশাসনিক সমস্যা, অভিযোগ বা প্রয়োজনের কথা জানাতে পারবেন।
পরিষেবা চালু থাকবে সপ্তাহে ছয় দিন। সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হেল্পলাইনে যোগাযোগের সুযোগ মিলবে। ফোনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও অভিযোগ জানানোর ব্যবস্থা রাখা হয়েছে। কোনও নাগরিক চাইলে asap@wb.gov.in ই-মেল ঠিকানায় নিজের বক্তব্য বা সমস্যার বিবরণ পাঠাতে পারবেন।
