জোরদার গতিতে এগোচ্ছে কাজ

দীর্ঘ পনেরো বছর বাদে রাজনীতি মঞ্চে এসেছে বদল, জোড়া ফুল-এর পরিবর্তে এসেছে পদ্ম ফুল। তৃণমূল সরকারকে সরিয়ে দুই তৃতীয়াংশ আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বর্তমানে রাজ্যে চলছে ডাবল ইঞ্জিনের সরকার। এরই মধ্যে নবান্নের তরফে সীমান্তে বিএসএফ-কে জমি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে।

ক্যাবিনেট ব্রিফিংয়ে এই বিষয়ে জানান রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। দিলীপ এদিন জানান, সীমান্ত সুরক্ষার জন্য ইতিমধ্যেই ৩১.৯০৫ একর জমি সীমান্ত সুরক্ষা বাহিনীকে (বিএসএফ) হস্তান্তর করেছে রাজ্য। সেই সঙ্গেই আউটপোস্ট তথা সীমান্ত চৌকি তৈরির জন্য ভূমি ও ভূমি রাজস্ব দফতরের তরফ থেকে আরও ১.৫৩ একর জমি দেওয়া হয়েছে। পাশাপাশি সেবক-রংপো রেলপথ প্রকল্পের কাজ যাতে আরও দ্রুত শেষ হয়, সেই জন্য আরও ২০ একর জমি প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

এছাড়া এদিন মা ক্যান্টিন নিয়ে বড় আপডেট দেন দিলীপ। তিনি জানান, এই প্রকল্পে বড়সড় বদল আসতে চলেছে। পাল্টে যাচ্ছে প্রকল্পের নাম। সেই সঙ্গেই মেনুতেও পরিবর্তন আনা হচ্ছে। আগে বাংলা জুড়ে ৩৯০টি মা ক্যান্টিন চলত। এবার সেই সংখ্যা বাড়িয়ে ৫০০ করা হচ্ছে। অর্থাৎ আরও ১১০টি নতুন ‘মা আহার কেন্দ্র’ স্থাপন করতে চলেছে সরকার।