রাহ-বীর প্রকল্পের প্রচারে র‌্যাপিডো-র উদ্যোগ

রাহ-বীর প্রকল্পের প্রচারে যৌথ ভাবে উদ্যোগ গ্রহণ করলো র‌্যাপিডো ও সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক। এই প্রকল্পের লক্ষ্য দুর্ঘটনার পর গুরুত্বপূর্ণ ‘গোল্ডেন আওয়ার’-এ আহতদের দ্রুত সহায়তা নিশ্চিত করতে নাগরিকদের উৎসাহিত করা। এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী নীতিন গড়করি বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ জরুরি এবং রাহ-বীর প্রকল্প সেই প্রচেষ্টাকেই শক্তিশালী করবে।

র‌্যাপিডো সহ-প্রতিষ্ঠাতা অরবিন্দ সাঙ্কা জানান, দেশের কোটি কোটি মানুষের সঙ্গে সংযোগ এবং ৪০০-রও বেশি শহরে উপস্থিতিকে কাজে লাগিয়ে সংস্থাটি রাহ-বীর প্রকল্প সম্পর্কে সচেতনতা বাড়াতে কাজ করবে।

এই উদ্যোগের সূচনায় ৪ লক্ষেরও বেশি র‌্যাপিডো  ক্যাপ্টেন ‘রাহ-বীর শপথ’ গ্রহণ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন। ডিজিটাল প্রচার, অ্যাপভিত্তিক শিক্ষা, সামাজিক যোগাযোগমাধ্যম ও মাঠপর্যায়ের কর্মসূচির মাধ্যমে র‌্যাপিডো দেশজুড়ে সড়ক নিরাপত্তা ও রাহ-বীর প্রকল্প  সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।